চলচ্চিত্র ও সংবাদ প্রতিবেদনে কৃতিত্বের স্বাক্ষর রাখায় ১৯ শিক্ষার্থীকে ‘২য় টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি (টিএফপি) বিভাগ। বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ বছর প্রতিযোগিতায় চলচ্চিত্র ও সংবাদ প্রতিবেদনসহ মোট ১২৯টি কাজ জমা পড়েছিল। দেশের প্রখ্যাত নির্মাতা, প্রযোজক, চিত্রগ্রাহক, চলচ্চিত্র সমালোচক, চিত্রনাট্যকার, সাংবাদিকদের সমন্বয়ে গঠিত জুরিবোর্ড এগুলোর মধ্য থেকে ১৯টি ক্যাটাগরিতে ৪১টিকে প্রাথমিকভাবে মনোনীত করে। পরে সেগুলোর মধ্য থেকে ১৯ জনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে নির্বাচিত ২৬টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, ‘প্রতিষ্ঠার ১৪ বছরে টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সংযোগ তৈরিতে দারুণ সফলতা দেখিয়েছে। তাঁদের এ সৃজনশীল কাজের ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি।’
এ সময় তিনি পুরস্কারজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বিভাগের শিক্ষা কার্যক্রম ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্যই এ আয়োজন। যথাযথ বরাদ্দ পেলে এই বিভাগ বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সারা বিশ্বে সৃজনশীল কাজের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হবে।
টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড এর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১২৯ টি কনটেন্ট জমা পড়ে। এর মধ্যে ১৯টি ক্যাটাগরিতে ৪১টি কনটেন্টকে পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়। টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পের পেশাদারদের সমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড বিজয়ীদের নির্বাচন করে। জুরিবোর্ডে ছিলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত, শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আরিফুর রহমান, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী, সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ, পরিচালক ও সম্পাদক সালেহ সোবহান অনীম, কস্টিউম ডিজাইনার ইদিলা ফরিদ তুরিন, প্রামাণ্যচিত্র নির্মাতা এলিজাবেথ ডি কস্টা, আলোকচিত্রী নাসির মাহমুদ, শফিকুল আলম ও শফিকুল আলম কিরণ এবং সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু ও মীর মাসরুরুজ্জামান।
পড়ুন:পবিত্র শবে বরাতে মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়
দেখুন:জামায়াত আমিরকে নিয়ে মুখ খুললেন তারেক রহমান |
ইম/


