০৯/০২/২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ
14 C
Dhaka
০৯/০২/২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দাঁড়িপাল্লার এক পাল্লা আমেরিকা, অপর পাল্লা গোপনে ভারত : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল। তারা বলেন দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। হ্যাঁ, কোন ইনসাফ? দাঁড়িপাল্লার পাল্লা দুইটা। এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা, অপর পাল্লায় দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।

শনিবার দুপুর সাড়ে ১২টায় বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত পটুয়াখালী-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত কেউ বলেনি আমরা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো। তারা বলেছে প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো। আমরা বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিজয়ী হয়, তাহলে আমরা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো। কারণ আজ ৫৪ বছর দেশ স্বাধীন হলো। প্রচলিত এই আইনের কারণেই দেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্বে চ্যাম্পিয়ন হয়ে চোরের দেশে পরিণত হয়েছে। এই আইনের কারণেই এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে। এই আইনের কারণেই এই দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা উন্নয়নের ফুলঝুরি দেখাতে পারবো না। আমরা দেখেছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বিএনপি ঘর ছেড়ে পালায়, যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, তাহলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না।

এ সময় হাতপাখা প্রতীকে ভোট চেয়ে রেজাউল করীম বলেন, হাতপাখা প্রতীকের পক্ষে যদি একটি ভোট পড়ে, তাহলে ইসলামের পক্ষে একটি শক্তি বাড়ে। তাই নতুন ভোটারসহ সকল শ্রেণি-পেশার মানুষকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির আহ্বায়ক ও হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, বাউফল উপজেলার সদস্য সচিব আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : পটুয়াখালী-১ আসনে ধানের শীষের সমর্থনে পৌরসভার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন