ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর টহল ও শৃঙ্খলা শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এই শোডাউন পরিচালনা করা হয়। এতে পুলিশ, র্যাব, ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। টহল চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাস টার্মিনাল ও বাজার এলাকায় উপস্থিতি জোরদার করা হয়।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে এই কার্যক্রম চালানো হচ্ছে। সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তার অনুভূতি জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
যৌথবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, নির্বাচনকালীন সময়ে নিয়মিত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।
এ সময় স্থানীয় জনগণ যৌথবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ অনেকটাই কমবে।
পড়ুন : পঞ্চগড়ের দুইটি আসনে ১৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ


