জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন,নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং জনজোয়ার ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, যদি নির্বাচনে কারচুপি,দখলদারি কিংবা অনিয়ম হয় এবং নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে।
শনিবার (৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের চান্দনকরা সেকান্দর আলী উচ্চ বিদ্যালয় মাঠ এবং শুভপুর ইউনিয়নের উনকোট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে সারাদেশে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি দাবি করেন, ভোটকেন্দ্রে সন্ত্রাস বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে জনগণ তা প্রতিরোধ করবে। শান্তিকামী মানুষের ঐক্যই সকল অপচেষ্টা রুখে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের লক্ষ্য।
ডা. তাহের আরও বলেন, দেশ এখন কার্যত দুই ভাগে বিভক্ত একদিকে ১১ দলীয় জোট, অপরদিকে আরেকটি দল। ১১ দলীয় জোটে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিনিধিত্বকারী দল, ইসলামী দল এবং বিভিন্ন গণতান্ত্রিক শক্তি রয়েছে। এই জোট বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করে দাবি করে তিনি বলেন, ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে।
তিনি বলেন, আজ বাংলাদেশ এক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জাতি কি আবার পুরোনো অন্ধকারের দিকে ফিরে যাবে, নাকি একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে—সে সিদ্ধান্ত হবে আসন্ন নির্বাচনের মাধ্যমে।
ডা. তাহের বলেন, যারা আগে সংস্কার ও ভোটের প্রশ্নে দ্বিধায় ছিলেন, জনগণের চাপের মুখে তারাও এখন অবস্থান পরিবর্তন করছেন। তিনি বলেন, যারা অতীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বললেও বাস্তবে তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন, তাদের কাছ থেকে আবারও একই প্রতিশ্রুতি আসছে। কিন্তু বিপ্লব-পরবর্তী সময়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজির চিত্র জনগণের কাছে স্পষ্ট—এমন মন্তব্য করেন তিনি।
জনসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আবুল কালাম আজাদ বাশার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন দল থেকে ১০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামে যোগদান করেন। জনসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াত-শিবির নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পড়ুন : নির্বাচন ও গণভোটে কুমিল্লা–চাঁদপুরে ৭৫০ বিজিবি সদস্য মোতায়েন


