আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মঈনুল হাসান সাদিক তার ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পলাশবাড়ী পৌরশহরে উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
‘উন্নত, সমৃদ্ধ, আলোকিত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নিরাপদ পলাশবাড়ী-সাদুল্লাপুর গঠন আমাদের লক্ষ্য’—এই স্লোগানকে সামনে রেখে ঘোষিত ইশতেহারে অপরাধ দমন, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও পরিবেশবান্ধব উন্নয়নের ওপর জোর দেওয়া হয়।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম রেজাসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ঘোষিত ৭৫ দফা ইশতেহারে ডা. সাদিক এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি বলেন, ইভটিজিং, মাদক, চুরি, ছিনতাই ও চাঁদাবাজি নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ হেল্পলাইন চালু এবং শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে।
জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত গণশুনানি এবং ইউনিয়নভিত্তিক অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে যুব ও নারীদের প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, সমবায়ভিত্তিক ঋণ সহায়তা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার কথা বলা হয়। এছাড়াও শ্রমিক কল্যাণ কার্ড চালু ও প্রবাসীদের জন্য বিশেষ সহায়তা সেল গঠনের অঙ্গীকার করা হয়।
সামাজিক নিরাপত্তা খাতে প্রতিটি দরিদ্র পরিবারের জন্য খাদ্য ও বাসস্থান নিশ্চিত করা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধান এবং প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, কারিগরি শিক্ষার প্রসার এবং ইউনিয়নভিত্তিক স্বাস্থ্যসেবা জোরদারের পরিকল্পনা তুলে ধরা হয়। পরিবেশ রক্ষায় নদী-খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি নিশ্চিতকরণ এবং ভূমি অফিসের সেবা ডিজিটাল ও হয়রানিমুক্ত করার প্রতিশ্রুতিও ইশতেহারে স্থান পায়।
ইশতেহার ঘোষণা শেষে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ভোট, দোয়া ও সমর্থন পেলে সাদুল্লাপুর-পলাশবাড়ীকে একটি নিরাপদ, মানবিক, বৈষম্যহীন ও আধুনিক জনপদে রূপান্তর করারও ঘোষনা দেন তিনি।
পড়ুন- মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে শোকজ


