বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। বাংলাদেশ রেলওয়ের সময়সূচি অনুযায়ী সব ট্রেন চলাচল করবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নির্বাচনের দিন ট্রেন চলাচল বন্ধে কোনো বিশেষ নির্দেশনা পাওয়া যায়নি। ওই দিন বাংলাদেশ রেলওয়ের শিডিউল অনুযায়ী নিয়মিত যেসব ট্রেন চলাচলের কথা রয়েছে, সেগুলো যথারীতি চলবে।
তিনি আরও বলেন, সময়সূচি অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসবে। একইভাবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও শিডিউল অনুযায়ী সব ট্রেন ছেড়ে যাবে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। তবে ছুটি চলাকালীন ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ভোটের দিনও চলবে ঢাকা মেট্রোরেল।
পাশাপাশি এদিন দেবে অতিরিক্ত ট্রিপও। মেট্রো কর্তৃপক্ষ বলছে, যারফলে ভোটার ও নগরবাসীর যাতায়াত আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হবে।
পড়ুন : ভোটের দিনে স্বাভাবিক থাকবে মেট্রোরেল, বাড়বে ট্রেন সংখ্যা


