28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সংসদে যাওয়ার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে: অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শেষ নির্বাচনী জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। জনসভা শুরু হলে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জনগণের ভোটে সংসদে যাওয়ার সুযোগ পেলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই আজ লাল-সবুজ পতাকাকে আঁকড়ে ধরতে চায়। দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, আমি কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেব না। নির্বাচিত হলে এবং জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে পিরোজপুর-১ আসন (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। যদি কারও কোনো কষ্ট বা অভিমান থাকে, তা ভুলে গিয়ে পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশে তিনি বলেন, ঘর থেকে বের হয়ে আসুন, ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষকে বিজয়ী করুন। যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি স্পষ্ট করে বলেন, আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। আমার বক্তব্য ছিল কিছু ব্যক্তির অপকর্মের বিরুদ্ধে। আপনারা যে দলই করুন, আমাদের প্রতি কোনো অভিমান থাকলে আজ তা ভুলে যান। আমি সবসময় আপনাদের পাশে থাকব।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনো একক দলের সরকার নয়; এটি একটি অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার গঠন করলে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হবে।

জনসভায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির নেতা গাজী ওয়াহিদুলজ্জামান লাভলু, অ্যাডভোকেট আবুল কালাম আকন, শেখ হাসানুল কবির লিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন