জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীসহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। ভোট দেয়ার তাগিদে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য পবিত্র ঈদের আমেজকে মনে করিয়ে দিচ্ছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগেভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের সেই চিরচেনা দৃশ্য। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল থেকে ভিড় আরও বাড়বে। বাসের আগাম টিকিটও প্রায় শেষ।
এদিকে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি দেখা গেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটারই দুই-তিন দিনের ছুটি নিয়ে সন্তানদের নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন।
অনেকে বলছেন, কয়েক বছর পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পাওয়ায় তারা এই বাড়তি কষ্টটুকু মেনে নিচ্ছেন।
এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

