ব্যাপক উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে ৯ ফেব্রুয়ারি-২০২৬ জনপ্রিয় কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস- এর লেখা নতুন সায়েন্স ফিকশন “রাজন্যা” বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় দিনাজপুরের নিমনগর বালুবাড়িতে লেখকের বাসভবনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ি উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল। এছাড়া গ্রীণ ভয়েস ও প্রথম আলো বন্ধুসভার দিনাজপুর জেলার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক পাঠক পাঠিকার উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।
বইটির ফ্ল্যাপে লেখা রয়েছে- প্রায় জনশূন্য পৃথিবীর একপ্রান্তে ছোট্ট সুখের নীড় বানিয়েছিল মৈনাক। সাথে সহধর্মিণী শারমিন। আর আছে পুরনো মডেলের রোবট চঞ্চল। ওদের ঘর আলোকিত করে এলো এক রাজকুমারী। রাজন্যা। পুরো পৃথিবীতে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। নেই কোনো জ্ঞান চর্চার স্থান। মৈনাক মেয়েকে শেখানোর দায়িত্ব নিল। নিজের অর্জিত সকল জ্ঞান উজাড় করে শেখাতে চাইল মেয়েকে। ঠিক তখনই যুদ্ধে চলে যেতে হলো ওকে। রাজন্যা কি পারবে প্রিয় বাবাকে ছেড়ে থাকতে? মৈনাক কি পারবে একমাত্র সন্তানের কাছে ফিরতে? কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস সায়েন্স ফিকশন লিখে লিখে ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছেন। রাজন্যা নামক সায়েন্স ফিকশন উপন্যাসে বাবা-মেয়ের মর্মস্পর্শী ভালোবাসা আপনার মন ছুঁয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। বইটি প্রকাশ করেছে খ্যাতনামা প্রকাশনা সংস্থা সময় প্রকাশন। বইটির মূল্য ২৮০ টাকা।
পড়ুন : দিনাজপুরের ঘোড়াঘাট পৌর যুবদল নেতা ইব্রাহিম খলিল বহিষ্কার, ভারপ্রাপ্ত আহ্বায়ক সাহিদ পারভেজ


