আগামীকাল ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থান-পরবর্তী এই নির্বাচন ও গণভোট ঘিরে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে।
নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে দেশে এসেছেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক।
বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তায় জানানো হয়, আগত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। দ্বিপাক্ষিক দেশ থেকে এসেছেন ২৩৯ জন (যাদের মধ্যে স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকরাও রয়েছেন)। এছাড়া ৫১ জন বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। পরিসংখ্যান অনুযায়ী, দ্বাদশ জাতীয় নির্বাচনে উপস্থিত ছিলেন ১৫৮ জন, একাদশ নির্বাচনে ১২৫ জন এবং দশম জাতীয় নির্বাচনে মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক।
যেসব সংস্থা পর্যবেক্ষক পাঠিয়েছে, তাদের মধ্যে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সচিবালয় থেকে ২৭ জন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১৯ জন রয়েছেন। এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি), ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিস (আইসিএপিপি) এবং ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিস থেকেও পর্যবেক্ষক পাঠানো হয়েছে।
পড়ুন: ঢাকার ১৩টি আসনে ১৪শ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার
আর/


