জামালপুর সদরের নরুন্দি মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জামায়াতের ৭ কর্মীকে আটক করেছে স্হানীয় বিএনপি নেতাকর্মীরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
আটকের পর বিএনপি নেতাকর্মীরা নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে ।
এসময় আটককৃতদের কাছ থেকে নগদ ১ লক্ষ ১৩ হাজার টাকাসহ একটি রামদা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন শফিকুল ইসলাম, হুসনুছ শাহাদাৎ, রেফাজউদ্দিন, ওসমান গণি, সাইফ আল মাসুদ আপন, জয় আহমেদ এবং অটোরিকশা চালক মামুন মিয়া।
গ্রেপ্তার তিনজনের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় এবং বাকিদের বাড়ি জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়ন।
বিএনপি নেতা কাজী মসিউর রহমান জানান, গ্রেপ্তার হুছনুস শাহাদাৎ টাঙ্গাইলের মধুপুর উপজেলা জামায়াতের আমিরের ভাতিজা।
জামালপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. নুরুল্লাহ বলেন, একটি অটোরিকশায় আসা সাত আটজন মানুষের গতিবিধি দেখে সন্দেহ হলে আমরা তাদেরকে আটক করে পুলিশকে জানাই।
এসময় স্হানীয় দুই জামায়াত কর্মী দৌড়ে পালিয়ে গেছে। তবে পুলিশের পক্ষ থেকে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা হয়নি।
এ বিষয়ে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব রহমান বলেন, স্থানীয়দের অভিযোগে সাতজনকে থানায় নিয়ে এসে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : বরগুনা পৌরসভা কেন্দ্রে রাতেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ


