ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোন সংঘাত-সহিংসতায় মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে সারা দেশে ভোটকেন্দ্রে ভোট দিতে এসে পাঁচ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। ভোটাররা দলে দলে ভোটকেন্দ্রে আসেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে। বিকেল ৩টা পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের সংঘাতের খবর পাওয়া যায়নি।
তবে প্রতিনিধিদের পাঠানো সংসাদ সূত্রে, চট্টগ্রামে ভোট দিতে গিয়ে ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ এক ভোটারের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম মো. মনু মিয়া (৬২)। তিনি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ করতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে। নগরের ব্যাটারিগলির মধুবন গলিতে তার বাড়ি।
সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এটি চট্টগ্রাম-৯ (কোতয়ালী-বাকলিয়া) আসনের একটি কেন্দ্র।
অপরদিকে, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলার দনিয়া অগ্রদূত স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছেন।
সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবু সাঈদ সরকারের ছেলে ফারহান ইসরাক নিঝুম বলেন, ‘ওই কেন্দ্রে ভোট দিতে গিয়ে পাঁচতলায় ওঠার সময় আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার বাবা হৃদরোগে আক্রান্ত ছিলেন।’
এছাড়া খুলনায় ভোটকেন্দ্রে গিয়ে মহানগর বিএনপি নেতা মহিবুজ্জামান কচি (৬০) মারা গেছেন। সকাল ৯টার দিকে খুলনা আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।
একইভাবে মানিকগঞ্জ-১ আসনের শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে অসুস্থ হয়ে বাবু মিয়া (৬৫) নামের এক ভোটারের মৃত্যু হয়েছে।
ভোটের দিন বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রের সামনে ভোটার স্লিপ (টোকেন) নেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে মুজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম ভোটকেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুজাহিদুল সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের প্রয়াত গোলাম মওলার ছেলে।
পড়ুন: সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে সন্তুষ্ট জামায়াত আমির
আর/


