বগুড়ার সাতটি সংসদীয় আসনেই জয়লাভ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ জেলার সবকটি আসনে দলটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গতকাল বগুড়ার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ ফলাফল জানা গেছে। তবে ঘোষিত ফলাফলে এখনো পোস্টাল ব্যালটের ভোট যুক্ত হয়নি।
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) এই আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৭ হাজার ৯৫৯ ভোট।
বগুড়া-২ (শিবগঞ্জ) বিএনপির প্রার্থী মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।
বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) এই আসনে বিএনপির আবদুল মহিত তালুকদার ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট।
বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট।
বগুড়া-৬ (সদর)১৫০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) এই আসনে ধানের শীষের প্রার্থী মোরশেদ মিলটন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. গোলাম রাব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।
গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মারা যাওয়ার পর মোরশেদ মিলটনকে এই আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। দলীয় সূত্র জানায়, ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে খালেদা জিয়া বগুড়া-৭ আসন থেকে জয়ী হন। এরপর থেকে আসনটি ‘খালেদা জিয়ার আসন’ হিসেবে পরিচিতি পায়।
বগুড়ার সাতটি আসনে একযোগে জয়লাভের মাধ্যমে জেলায় বিএনপি তাদের শক্ত অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করেছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করছেন।
পড়ুন : বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলাফলে জয়ী তারেক রহমান


