গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট। এতে মো. মুজিবুর রহমান ৫৯ হাজার ১৩৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।
গাজীপুর-১ আসনটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর মহানগরের কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন—এই তিন থানা নিয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। নির্বাচনের দিন সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং ধাপে ধাপে ফলাফল প্রকাশ করা হয়। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মো. মুজিবুর রহমানের বিজয় ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর তার সমর্থকরা বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও উল্লাস করেন। বিজয়োত্তর প্রতিক্রিয়ায় মো. মুজিবুর রহমান বলেন, এই বিজয় গাজীপুর-১ আসনের সর্বস্তরের জনগণের বিজয়। দীর্ঘদিনের প্রত্যাশা ও ভালোবাসার প্রতিফলন আজকের এই ফলাফল। আমি দলমত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।
তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
পড়ুন:হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জিকে গউছ বিজয়ী
দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী |
ইম/


