বিদেশ থেকে ফেরার সময় লাগেজে ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু মেহজাবীনই নন, এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত– এমন খবর ঘুরছিল কয়েকদিন থেকে। খানিকটা কৌশলে এই খবরের প্রতিবাদ জানিয়েছেন মেহজাবীন।
আজ দুপুরে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে মেহজাবীন দাবি করেছেন, নানা বিষয়ে তাকে টার্গেট করা হচ্ছে।
তিনি লিখেছেন, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন,সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’
মেহজাবীন লিখেছেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।’
শেষে তিনি লিখেছেন, ‘নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে। এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।
পড়ুন:লুক নিয়ে ট্রলের মুখে নুসরাত ফারিয়া
দেখুন:বানিয়ে ফেললো ইরান, শুধু ঘোষণার অপেক্ষা!
ইমি/


