শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজার এলাকায় বিএনপির একটি ক্লাবে রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হাতবোমা হামলার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত ক্লাবের দিকে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে এবং একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে।
ভুমখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল পেদা বলেন, “এটি একটি ন্যক্কারজনক ও পরিকল্পিত হামলা। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “ঘটনার তদন্ত চলছে। অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
পড়ুন : নতুন সংসদ সদস্য মাওলানা আবু তালিবের সরকারি দপ্তর পরিদর্শন


