অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় পৃথক দুই ধারায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “অবৈধ সম্পদ অর্জনের দায়ে সম্রাটকে ১০ বছরের কারাদণ্ডের সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে মানিলন্ডারিংয়ের দায়ে তাকে ১০ বছর কারাদণ্ডসহ একই সাজা ঘোষণা করেছেন আদালত। পৃথক দুই ধারায় মোট ২০ বছর কারাদণ্ড ঘোষণা করা হয়েছে পলাতক এ যুবলীগ নেতা বিরুদ্ধে।”
রায়ের সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বলেও জানান জাহিদুল ইসলাম।
এর আগে গত ২ ফেব্রুয়ারি মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। অভিযোগপত্রভুক্ত ২১ সাক্ষীর সবাই সাক্ষ্য দিয়েছেন।
পড়ুন : বিডিআর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা


