দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে তাকে ফিরিয়ে আনা হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা গেছে, বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১২:৩০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ২৮৫-এর নিকট দিয়ে ভারতের প্রায় ২০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন মোঃ রিপন সরকার (২৫)। এসময় সেখানে টহলরত ভারতের ৭৯/হিলি-১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
আটককৃত রিপন সরকার দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা ইউনিয়নের সৈইনাল গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
বিষয়টি নিয়ে বিএসএফের আহ্বানে বুধবার সন্ধ্যা ৭:০০ ঘটিকা থেকে ৭:২০ ঘটিকা পর্যন্ত সীমান্ত পিলার ২৮৫-এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ২০/হিলিসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আলাউদ্দিন এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৭৯/হিলি-১ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সঞ্জয় কুমার। বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে আটককৃত রিপন সরকারকে বিজিবির নিকট হস্তান্তর করে।
জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, বিএসএফের নিকট থেকে ফিরে পাওয়া ওই বাংলাদেশি নাগরিককে বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হাকিমপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: ত্রয়োদশ সংসদের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত
আর/


