মো. মতিন মিয়া, মাগুরা: মাগুরায় ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণে কমিটি গঠন করা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মাগুরা সদরের পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাটিকাডাঙা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে বরাদ্দকৃত চাল বিএনপির সমর্থকদের মাঝে বিতরণ করা নিয়ে আগে থেকেই উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছিল। এলাকার লোকেরা শান্তশিষ্ট ভাবে বিতরণের কথা বললেও মাতব্বররা ও বিএনপির নেতাকর্মীরা পরিস্থিতি ঘোলাটে করে ফেলেন। একদিকে রমজান মাস অন্যদিকে এলাকায় অশান্তি কাম্য নয় বলে জানায় স্থানীয়রা।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণ নিয়ে ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল শেখ ও একই ওয়ার্ডের বিএনপি নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে এক পর্যায়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়। আহত ব্যাক্তিদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বুধবার রাতেই বিএনপির ওয়ার্ড সভাপতির অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিন ব্যাক্তিকে আটক করা হয়েছে।
পড়ুন: ত্রয়োদশ সংসদের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত
আর/


