‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য জনগুরুত্বপূর্ণ স্থানে এ প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং মাদক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. তারিফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। সবাই যেন নিজে সচেতন হয় এবং অন্যদেরও সচেতন করে—সে জন্যই আমরা লিফলেট বিতরণ করছি। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিযানে সহযোগিতা করার আহ্বান জানাই।”
তিনি আরও জানান, গত এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে মাদকবিরোধী প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পড়ুন : ত্রিশালে দুই মাদকসেবিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত


