ডাক ও টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত উপকারভোগী পরিবার ও কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করে ভর্তুকি, প্রণোদনা ও নিত্য প্রয়োজনীয় সহায়তা সরাসরি পৌঁছে দেয়ার লক্ষ্যে দ্রুতই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ করা হবে। এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণে কোনপ্রকার অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি সহ্য করা হবে না।
শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, জনগণের কল্যাণে একটি জনবান্ধব সরকার পরিচালনায় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জনগণের কথা ধৈর্য সহকারে শুনে ব্যবস্থা গ্রহণে জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ করেন।
তিনি বলেন, মধুপুরে বখাটে দেখতে চাই না। জনগণ যাতে নিরাপদে জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ, বিশেষ করে অনলাইন জুয়া থেকে রক্ষা করতে প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন আহমদ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ওসি জাফর ইকবাল প্রমুখ। এরপর মন্ত্রী ধনবাড়ী উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

