মানিকগঞ্জ -৩ আসনের সাংসদ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মা ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরন নাহার রশিদ (৮৩) মারা গেছেন।
আজ রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন ।
জনশ্রুতি রয়েছে হুরন নাহার রশিদ ছিলেন নীরব মহিমায় উজ্জ্বল এক মহীয়সী নারী—যিনি আলোচনার আড়ালে থেকেও পরিবার, সমাজ ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর স্নেহ, প্রজ্ঞা ও আদর্শে গড়ে উঠেছে একটি সুসংহত ও মর্যাদাবান পরিবার। তিনি দুই কন্যা, তিন নাতি, দুই জামাতা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আজ বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে।
মুন্নু সিটিতে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মানিকগঞ্জের সংসদ সদস্যবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, মুন্নু গ্রুপের কর্মকর্তা-কর্মচারী এবং অসংখ্য গুণগ্রাহী উপস্থিত হয়ে শোক প্রকাশ করছেন।


