নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গণে আয়োজিত শ্রী শ্রী গৌরপূর্ণীমা মহোৎসব-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সকল ধর্মের মানুষ একটি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আস্থা ও বিশ্বাসের মাধ্যমে এ বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে। কোনোভাবেই যেন এ সম্প্রীতি নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
বুধবার দুপুরে আয়োজিত এ মহোৎসবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নগরবাসী একটি পরিচ্ছন্ন, মশামুক্ত ও নিরাপদ শহর চায়—ধর্মীয় কিংবা রাজনৈতিক বিভক্তি নয়। চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করে শান্তির এই শহরকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি খুলনাকে সন্ত্রাসমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন কেসিসি প্রশাসক।
মন্দির কমিটির পরিচালক বৈষ্ণব বলরাম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেশবচন্দ্র সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি সঞ্জিব কুমার বণিক ও সাধারণ সম্পাদক দ্বীপ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাধামাধব মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনন্দ কুমার ঘোষ।
এর আগে সকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর সোনাডাঙ্গা আউটার বাইপাস রোড, গল্লামারী ব্রিজ নির্মাণ কাজ, শিপইয়ার্ড রোড উন্নয়ন প্রকল্প এবং লবনচরা স্লুইচগেট এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দীর্ঘদিন ধরে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত সমাপ্ত করার জন্য কেডিএ, এলজিইডি ও সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক, স্থানীয় সরকার-খুলনা বিভাগের পরিচালক আবু সায়েদ মো. মনজুর আলম, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাদুস করিম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, সড়ক ও জনপথ অধিদপ্তর-খুলনার নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান, শিপইয়ার্ড রোড প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আরমান হোসেন, খুলনা ওয়াসার পয়নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের মো. আশিক তানভীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


