ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্য এবং প্রথমবারের মতো হওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। গতকাল শুক্রবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুই দিনের কর্মশালার প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা, বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের নেতাদের একাংশ উপস্থিত ছিল। আজ শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের একটি প্রশিক্ষণ কর্মশালায় আছেন।
এমপিদের রুদ্ধদ্বার এই কর্মশালার উদ্বোধন পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমদ, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। কর্মশালায় তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
বিএনপির নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালি, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট-সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধিবিধানগুলো নতুন নির্বাচিত এমপিদের সামনে উপস্থাপন করা হচ্ছে। অভিজ্ঞ এমপিরা তাদের অভিজ্ঞতা নতুনদের কাছে তুলে ধরবেন। সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্য।
বিএনপির এক সিনিয়র নেতা জানান, কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, কীভাবে বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজের এলাকার সমস্যা কীভাবে তুলে ধরতে হয়, প্রেসিডেন্টের ভাষণের কী বিষয়ে আলোচনা করতে হয়, সংসদ অধিবেশনে এমপিদের উপস্থিতি নিশ্চিত করা প্রভৃতি বিষয়ে দলের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে বেলা ১১টায়। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হন। যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে এসেছেন।
পড়ুনঃইরানের মেহরাবাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
ইমিঃ


