মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইন-এ অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও করণীয় বিষয়ে কমিউনিটি নেতাদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।
বৈঠকে রাষ্ট্রদূত জানান, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ দূতাবাস। পরিস্থিতি অবনতির দিকে গেলে বাহরাইনপ্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করা হতে পারে। পাশাপাশি ভিসা সংক্রান্ত যেকোনো সমস্যা বা জটিলতা দেখা দিলে সে বিষয়ে বাহরাইন সরকারের সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে বলেও তিনি জানান।
গতকাল রাষ্ট্রদূতের সভাপতিত্বে আয়োজিত এই ভার্চুয়াল বৈঠক প্রায় দুই ঘণ্টা ধরে অনুষ্ঠিত হয়। এতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বৈঠকে বাহরাইনে অবস্থানরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা পর্বে কমিউনিটি নেতারা বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা, সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। রাষ্ট্রদূত সেসব বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
রাষ্ট্রদূত বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকতে হবে এবং বাহরাইন সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। পাশাপাশি তিনি কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস সবসময় প্রবাসীদের পাশে রয়েছে এবং দূতাবাসের জরুরি সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
বৈঠকের শুরুতেই সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি আবুল মহসিন তারেক-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।
পড়ুন- ঈদে নতুন টাকা সরবরাহ করা হবে না: বাংলাদেশ ব্যাংক
দেখুন- ফুরিয়ে যাচ্ছে মার্কিন অ/স্ত্র/ভা/ন্ডা/র উৎপাদন ৪ গুণ বৃদ্ধির ঘোষণা


