ভোলায় তরমুজ চাষিদের ওপর হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে সুমন সর্দার নামের এক চাষি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত ওই চাষিকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরও পাঁচ কৃষক আহত হয়েছেন। রোববার ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ভোলার চরে এ ঘটনা ঘটে।
আহত চাষি সুমন সর্দার জানান, ভোলার চরে ২০০ একর জমিতে তরমুজের আবাদ করেছেন তারা। ফসল পাকার পর আজ সেই তরমুজ কাটতে গেলে হালিম, মিন্টু ইকরাম ও সেলিম খাঁ টাকা না দিলে তরমুজ কাটতে দেবে না বলে বাঁধা দেয়। এ সময় বাগবিতন্ডার একপর্যায়ে চাষিদের ওপর এলোপাথারি গুলি চালায় জলদস্যুরা। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং রিয়াজ, ফয়ছাল, জুয়েল, সিরাজ ও রিপন নামের পাঁচজন আহত হন। তারা হাপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ছাড়া প্রভাবশালী কয়েকটি চক্রের ছত্রছায়ায় চরে হামলা, লুটপাট ও দখলদারিত্বের কারণে অতিষ্ট হয়ে চাষিরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

