গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, রোগীদের দুর্ভোগ কমাতে লিফট ছাড়াই স্বল্প পরিসরে চালু হবে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল।
আগামী ৩০ শে এপ্রিল অথবা ১৫ই মে এর মধ্যে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের ৪ টি ফ্লোর চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈশ্বিক যুদ্ধ প্রস্তুতির কারণে লিফট আসতে সময় লাগছে। তাই আগামী আগস্ট মাসে লিফট আসার সম্ভাবনা রয়েছে । তাই আমরা লিফট আসার অপেক্ষা না করে চারটি ফ্লোর স্বাস্থ্য সেবার জন্য চালু করার পরিকল্পনা গ্রহণ করেছি ।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় পিরোজপুর জেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চিকিৎসক স্বল্পতা বাংলাদেশের প্রতিটি হাসপাতালে রয়েছে তারপরও আমরা আগামী দুই মাসের মধ্যে প্রয়োজন বিবেচনায় চিকিৎসক নিয়োগ এবং যে সকল যন্ত্রপাতিতে সমস্যা রয়েছে তা স্থানান্তর করা হবে। আশা করি আগামী দুই মাসের মধ্যে পূর্বের থেকে একটি ভালো সেবা নিশ্চিত হবে।
এর আগে পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সদস্যদের নিয়ে সভা করেন তিনি।
পড়ুন- জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী
দেখুন- “পাকিস্তান সিরিজ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা”


