দেশের শেয়ারবাজারে গত এক বছরে নারী বিনিয়োগকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। সার্বিকভাবে শেয়ারবাজার নিম্নমুখী আচরণ করায় গত এক বছরে বড় অংকের বিনিয়োগকারী বাজার ছেড়েছেন। এর মধ্যে নারী বিনিয়োগকারীরা তাদের পরিচালিত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবগুলোর মধ্যে সাড়ে ১৩ হাজারের বেশি বন্ধ করেছে।
গত ৮ মার্চ বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। নারী দিবসে নারীর ক্ষমতায়ন, সমঅধিকার এবং কন্যাশিশুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। নারীরা বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশেও কর্মক্ষেত্রে বিভিন্ন পেশাজীবী নারীদের উপস্থিতি দিন দিন বাড়ছে। তবে, দেশের শেয়ারবাজারে নারীদের উপস্থিতি ঠিক তার উল্টো চিত্র বহন করছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, গত বছরের ৯ মার্চ শেয়ারবাজারে নারী বিও হিসাবধারীর সংখ্যা ছিলো ৪ লাখা ৪ হাজার ৩১১। গত ৮ মার্চ এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৭২৪। অর্থাৎ বছরের ব্যবধানে নারী বিও হিসাবধারীর সংখ্যা কমেছে ১৩ হাজার ৫৪৭।
আলোচিত বছরটিতে সব ধরনের বিও হিসাবধারীর সংখ্যা কমেছে। তবে এ সময়ে মোট সংখ্যার বিবেচনায় পুরুষের তুলনায় নারী বিনিয়োগকারীরা অধিক হারে বাজার ছেড়েছেন।
গত বছরের ৯ মার্চ শেয়ারবাজারে মোট বিও হিসাবধারীর সংখ্যা ছিলো ১৬ লাখ ৮৭ হাজার ১৫১। গত ৮ মার্চ যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫১ হাজার ৭৭৯। অর্থাৎ বছরের ব্যবধানে শেয়ারবাজারে মোট বিও হিসাব কমেছে ৩৫ হাজার ৩৭২। এর মধ্যে পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা কমেছে ২২ হাজার ১৫৪৷ আলোচিত বছরের ব্যবধানে পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা ১২ লাখ ৬৫ হাজার ২০৮ থেকে ১২ লাখ ৪৩ হাজার ৫৪-তে নেমেছে।
পড়ুন:স্বর্ণের ভরি পৌনে ৩ লাখ ছুঁই ছুঁই
দেখুন:মাদারীপুরে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী
ইমি/


