ক্রিকেটের মতো জাতীয় সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (১৩ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহিদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্পিকার বলেন, ‘অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হবো। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখবো।’
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি। তবুও তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদের স্লোগান দেয়া ঠিক না, এটা সংসদের রেওয়াজের বাইরে। আশা করছি, সরকারি দল এবং বিরোধী দল বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে।
হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতির ব্যপারে কোনো মন্তব্য করতে চাই না। তারা তাদের রাজনৈতিক দিক থেকে গতকাল কার্যক্রম চালিয়েছে। আশা করি জাতীয় সংসদে তারা শৃঙ্খলা বজায় রাখবেন। সংসদে আমরা (স্পিকারে এবং ডেপুটি স্পিকার) নিরপেক্ষ থাকবো। ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার থাকে আমরাও সেরকম নিরপেক্ষ আম্পায়ারিং করব।
পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
আর/


