ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। নিলামে টাইগার কাটার মাস্টারকে ভিত্তিমূল্য ছিল ১ লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) দলে ভিড়িয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স। নিলামের জন্য হান্ড্রেডের চূড়ান্ত তালিকায় আরেক বাংলাদেশি ছিলেন রিশাদ হোসেন, তবে এই লেগস্পিনার দল পাননি।
দ্য হান্ড্রেডের ছয়টি আসরে ক্রিকেটার বাছাই হতো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে। এবারই প্রথমবারের মতো নিলামের আয়োজন করে আয়োজকরা। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আগে থেকেই অন্যতম পছন্দের বাছাই মুস্তাফিজের এখন ইংল্যান্ডের লিগে অভিষেক হওয়ার অপেক্ষা। এই বাঁহাতি পেসার বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটারকে বার্মিংহ্যামে ফিনিক্সে সতীর্থ হিসেবে পাচ্ছেন।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের তরুণ তারকা জ্যাকব বেথেল। সেই ম্যাচে ইংলিশরা মাত্র ৭ রানে হেরে গেলেও তিন ফরম্যাটের দলে জায়গা পাকাপোক্ত করেছেন। ২২ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডারকে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে নিয়েছে ফিজের দল বার্মিংহ্যাম। বেথেলই এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দামী ক্রিকেটার।
এ ছাড়া ইংল্যান্ডের লেগস্পিন অলরাউন্ডার রেহান আহমেদকে ২ লাখ ৫০ হাজার, দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার ব্যাটার দোনোভান পেরেইরাকে ২ লাখ ১০ হাজার, অস্ট্রেলিয়ান আগ্রাসী ব্যাটার মিচেল ওয়েনকে ১ লাখ ৩০ হাজার, পেসার সাকিব মাহমুদকে ১ লাখ ৫০ হাজার, পাকিস্তানি রহস্য স্পিনার উসমান তারিককে ১ লাখ ৪০ হাজার, লরি ইভানসকে ৮৫ হাজার এবং সর্বশেষ বিপিএলে নজর কাড়া ইথান ব্রুকসকে ৭০ হাজার পাউন্ডে নিয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স।
আগামী ২১ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত চলবে দ্য হান্ড্রেডের সপ্তম আসর। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেয়ে মুস্তাফিজ ফেসবুকের ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘দ্য হানড্রেডে খেলার সুযোগ পেয়ে আনন্দিত। বার্মিংহ্যাম ফিনিক্সের সঙ্গে আসন্ন মৌসুম দারুণভাবে কাটানোর জন্য অধীর অপেক্ষায় আছি। ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
বার্মিংহ্যাম ফিনিক্সের স্কোয়াড : জ্যাকব বেথেল, রেহান আহমেদ, দোনোভান পেরেইরা, মিচেল ওয়েন, সাকিব মাহমুদ, উসমান তারিক, জো ক্লার্ক, উল স্মিদ, জর্ডান থম্পসন, স্কট কুরি, লরি ইভানস, ক্রিস উড, ইথান ব্রুকস ও মুস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

