বিজ্ঞাপন

স্পেনে খেলবে না আর্জেন্টিনা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে অনিশ্চয়তায় পড়ে গেছে ফিনালিসিমা। বিশ্বচ্যাম্পিয়ন ও কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে এ লড়াই যে কাতারে হচ্ছে না, তা নিশ্চিত। তবে নতুন ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়েছে। উয়েফা ও কনমেবলের মধ্যে ফিনালিসিমার ভেন্যু নিয়ে চলছে দড়ি টানাটানি। 

বিজ্ঞাপন

উয়েফা চাইছে, লিওনেল মেসি ও লামিনে ইয়ামালদের মহারণ মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আয়োজন করতে। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এ খবরে জল ঢেলে দিয়েছে। তারা জানিয়েছে, ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তারা আর্জেন্টিনায় আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে।

এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া সরাসরিই জানিয়ে দিয়েছেন নিজের ইচ্ছার কথা। টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেছেন, ‘স্পেন চাইছে ফাইনালটা তাদের দেশে হোক। কিন্তু আমি চাই ম্যাচটি হোক বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে।’ 

স্পেনের মাঠে খেলতে রাজি না হওয়ার পেছনে আর্জেন্টিনার যুক্তি, স্পেনে খেলা মানে আর্জেন্টিনাকে ‘অতিথি’ দল হয়ে মাঠে নামতে হবে। যা কোনোভাবেই মানতে চাইছে না তারা। যে কারণে স্পেনে খেলতে নারাজ লাতিন আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

এই রশি টানাটানির মধ্যে আয়োজকদের সামনে সম্ভাব্য গ্রহণযোগ্য সমাধান হলো, ইউরোপের নিরপেক্ষ কোনো ভেন্যুতে ম্যাচ আয়োজন। সম্ভাব্য ভেন্যু হিসেবে লিসবন, লন্ডন ও রোমের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। ২৭ মার্চ এই বড় শহরগুলোর স্টেডিয়াম খালি থাকায় সেখানে ফিনালিসিমা আয়োজনের জোর সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ম্যাচটি পিছিয়ে দেওয়াও একটি বিকল্প হতে পারে। তবে ঠাসা সূচির কারণে উয়েফা ও কনমেবল– কেউই নতুন করে তারিখ বদলাতে আগ্রহী নয়। 

উল্লেখ্য, ২০২৫ সালে হওয়ার কথা থাকলেও ঠাসা সূচির কারণে ম্যাচটি ২০২৬ সালে গড়িয়েছে। এখান আবার পেছালে এটি পুরোপুরি অনিশ্চয়তায় পড়ে যাবে। ২০২২ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু দোহার লুসাইল স্টেডিয়ামে প্রথমে ম্যাচটি আয়োজনের কথা ছিল। এরই মধ্যে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফায়েল লোজান নিশ্চিত করেছেন কাতারে হচ্ছে না ম্যাচটি। 

ফিনালিসিমা মূলত ইউরো চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যে লড়াই। সর্বশেষ কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা এবং ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট গেছে স্পেনের ঘরে। সেজন্যই দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের লড়াই নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহ।

পড়ুন:ক্রীড়া ব্যক্তিত্ব শামিমা সাত্তার মিমু মারা গেছেন

দেখুন:দুদকের অভিযানে হবিগঞ্জ হাসপাতালে দুর্নীতি ও অনিয়ম | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন