বিজ্ঞাপন

বাংলাদেশের রিভিউ নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ পাকিস্তানের

তৃতীয় ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে মিরপুরে শেষ ওভারের রোমাঞ্চ ছাপিয়ে এখন আলোচনায় রিভিউ বিতর্ক। মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনার একটি সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পাকিস্তান। ক্রিকইনফোর খবর অনুযায়ী, পাকিস্তান টিম ম্যানেজমেন্টের অভিযোগ, স্টেডিয়ামের বিগ স্ক্রিনে রিপ্লে দেখার পর এবং নির্ধারিত সময় পার হওয়ার পর রিভিউ নিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

জয়ের জন্য পাকিস্তানের তখন ২ বলে প্রয়োজন ১২ রান। রিশাদ হোসেনের একটি বল শাহিন শাহ আফ্রিদির পায়ের কাছে পড়ে বাঁক নিয়ে লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যায়। আম্পায়ার কুমার ধর্মসেনা ওয়াইডের সংকেত দেন। খালি চোখে মনে হচ্ছিল বলটি আফ্রিদির শরীরের বেশ দূর দিয়েই গেছে। কিন্তু কিছুক্ষণ আলোচনার পর সবাইকে অবাক করে দিয়ে এলবিডব্লিউর রিভিউ নেয় বাংলাদেশ।

নিয়ম অনুযায়ী, মাঠে রিপ্লে দেখানোর আগেই ফিল্ডিং দলকে রিভিউয়ের সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু পাকিস্তানের দাবি, ১৫ সেকেন্ডের নির্ধারিত সময় পার হওয়ার পর স্টেডিয়ামের বিগ স্ক্রিনে বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার রিপ্লে দেখানো হয়েছিল। সেই রিপ্লে দেখেই বাংলাদেশ রিভিউ নেওয়ার সংকেত দিয়েছে। সম্প্রচারে কোনো টাইমার না থাকায় ১৫ সেকেন্ডের বিষয়টি অবশ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রিভিউ নেওয়ার পর ডিআরএসের স্নিকোমিটারে (আল্ট্রাএজ) দেখা যায়, বলটি আফ্রিদির ব্যাটের নিচের অংশ ছুঁয়ে গেছে। ফলে এলবিডব্লিউর আবেদন নাকচ হলেও ওয়াইডের সিদ্ধান্তটি বাতিল হয়ে যায়। এতে শেষ বলে সমীকরণ দাঁড়ায় ১ বলে ১২ রান। শেষ বলে আফ্রিদি স্টাম্পড হলে ১১ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। হতাশা সামলাতে না পেরে আফ্রিদিকে এ সময় স্টাম্পের ওপর দিয়ে ব্যাট ঘোরাতে দেখা যায়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই অভিযোগের প্রেক্ষিতে ঠিক কী চাইছে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, আম্পায়ারিংয়ে যে ভুল হয়েছে, অন্তত তার একটি আনুষ্ঠানিক স্বীকারোক্তি চাইছে তারা।

পড়ুন:রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের

দেখুন:রাষ্ট্রপতির বাড়িতে যেসব খাবার খেলেন প্রধানমন্ত্রী |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন