ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে কাভার্ড ভ্যান চাপায় আশিক (৫৫) নামে সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মালিহাতা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা গ্রামের পশ্চিম পাড়ার ইরা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক আশিক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে এবং আগুন নিয়ন্ত্রণে এনে কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
খাঁটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন- ঈদের আনন্দ ভাগাভাগি: নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র উপহার


