প্রতি বছরের ন্যায় এবারো দিনাজপুরে দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ গোর-এ শহীদ বড় ময়দান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শতাধিক শ্রমিকের নিরলস পরিশ্রমে বিশাল মাঠটি সাজিয়ে তোলা হয়েছে। সকাল ৯টায় ঈদুল ফিতরের প্রধান ও বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক শ্রমিক শ্রম দিয়ে মাঠ প্রস্তুতের কাজ সম্পন্ন করেছেন। মাঠজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা পরিষ্কার করে চুন দিয়ে নামাজের কাতারের লাইন টানা ও মেশিনের সাহায্যে মাঠ সমান করা হয়েছে।
ঈদগাহ মাঠের প্রধান প্রবেশপথে আকর্ষণীয় গেট নির্মাণ করা হয়েছে। এছাড়া ঈদগাহ মাঠের চার পাশে দৃষ্টিনন্দন গেট নির্মাণ করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে পুরো মাঠকে অপরুপ সাজে সাজানো হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা জানান, পবিত্র ঈদুল ফিতরের দিন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন জানান, ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন উপলক্ষে জেলা প্রশাসন, দিনাজপুর পৌরসভা ও জেলা পরিষদের সম্মিলিত উদ্যোগে মাঠের সার্বিক প্রস্তুতির কাজ সম্পন্ন করা হয়েছে।
তিনি আরো জানান, মুসল্লিদের নির্বিঘ্নে প্রবেশ ও বের হওয়ার সুবিধার্থে মাঠের চারপাশে মোট ২০টি গেট স্থাপন করা হয়েছে। এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত যানবাহন পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

