বিজ্ঞাপন

ছাত্র-জনতার স্বপ্নের বৈষম্যহীন দেশ গড়তে জনপ্রতিনিধিদের সৎ থাকতে হবে : কায়সার কামাল

দীর্ঘ ১৭-১৮ বছরের ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক বাংলাদেশে ছাত্র-জনতার স্বপ্নের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের সততার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না।”

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খারনৈ ইউনিয়ন পরিষদ হল রুমে, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলীর সভাপতিত্বে এবং খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হকের সঞ্চালনায়, সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় এ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী দিনের উন্নয়ন ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডেপুটি স্পিকার উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে যারা ক্ষমতায় ছিলেন, তাদের দেখে যদি কেউ মনে করেন, আপনারাও একই আচরণ করবেন, তবে সেটি ভুল। সবাইকে সচেতন ও সতর্ক হতে হবে। সততার ঘাটতি হলে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আইনের চোখে সবাই সমান।”

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ওপর জোর দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “হিন্দু, মুসলমান, গারো, হাজং, খ্রিষ্টান- আমরা সবাই মিলে এই জনপদকে সুন্দর করে গড়ে তুলতে চাই। শুধু রাস্তাঘাটের উন্নয়ন নয়, আমাদের লক্ষ্য হলো প্রতিটি মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো।”

আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমাদের শিশুরা যেন সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে এবং পড়াশোনা শেষ করে ভালো জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যে আমরা মানবিক কলমাকান্দা-দুর্গাপুর গড়ে তুলতে চাই।”

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, স্থানীয় আদিবাসী নেতা অনিমেষ সাংমা, আদিবাসী নারী নেত্রী করুনা সাংমা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. আ. লতিফ এবং ইউপি জামায়াতে ইসলামীর আমির আ. বারি বারেক, অবসরপ্রাপ্ত শিক্ষক মো.আব্দুল খালেক প্রমুখ।

আলোচনা এ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়সহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : শান্তি-সম্প্রীতির বন্ধনে জামালপুরে ঈদ উদযাপন, ডিগ্রীরচর ঈদগাহে অর্ধলক্ষ মুসল্লির মিলনমেলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন