অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিশোধ নিয়েছে লস ব্লাঙ্কোরা। প্রথমে পিছিয়ে পড়ার পরও ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে রোমাঞ্চকর জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ৩৩ মিনিটে লিড নেয় অ্যাতলেটিকো মাদ্রিদ। লুকমানের গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর ম্যাচের ৫২ মিনিটে ম্যাচে সমতায় ফেরে রিয়াল। ব্রাহিম দিয়াজ বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিতে গোল করেন ভিনিসিয়ুস।
এরপর ম্যাচের ৫৫ মিনিটে রিয়ালকে লিড এনে দেন ভালভার্দে। তবে মাত্র ১১ মিনিট এই লিড ধরে রাখতে সক্ষম হয় স্বাগতিকরা। ম্যাচের ৬৬ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার মোলিনা ২৫ গজ দূর থেকে বাতাসে ভাসানো জোরালো শটে বল জালে জড়ান।
তবে ম্যাচের ৭২ আবারও লিড পায় রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে শট নিয়ে অ্যাতলেটিকো গোলরক্ষককে পরাস্ত করেন ভিনিসিয়ুস। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে লা লিগার টেবিলে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ২৯ ম্যাচে ৬৯। ৫৭ পয়েন্ট নিয়ে চারে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৯ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ের পর ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রাখল বার্সা। রিয়াল পিছিয়ে আছে ৪ পয়েন্টে।


