জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভাসমান সেতু দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। মানবিক সহায়তা হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষ থেকে নগদ অর্থ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার সকালে সংশ্লিষ্টরা নিহতদের পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারকে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুরাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান, প্রতিমন্ত্রীর প্রতিনিধি তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জু হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুরাদ হোসেন জানান, ভাসমান সেতু দুর্ঘটনার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্ঘটনায় শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংশ্লিষ্টরা দ্রুত সুষ্ঠু তদন্ত, দায় নিরূপণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
পড়ুন- তেলের যথেষ্ট মজুত আছে, পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: ওনার্স অ্যাসোসিয়েশন
দেখুন- দিনমজুরের ঘামভেজা ঈদ: দু’বেলা ভাতের লড়াইয়ে ফিকে উৎসব


