দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন এবং এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
রবিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে চলমান পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এই হামলা চালায়।
ভুক্তভোগী মৃত দারাজ উদ্দিন শাহ’র ছেলে গোলাম মোস্তফা অভিযোগ করে জানান, হামলাকারীরা রাতের আঁধারে তাদের বাড়িতে প্রবেশ করে দরজা-জানালা ও পাকা বাথরুম ভাঙচুর করে। এ সময় তারা ঘরের ভেতরে ঢুকে আসবাবপত্র তছনছ করে ফেলে।
তিনি আরও জানান, আলমারির ড্রয়ারে রাখা প্রায় ৭ লাখ টাকা নগদ অর্থ এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা, যার ফলে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে রিমি আক্তার দাবি করেন, ওই বাড়ির পাকা বাথরুমটি রাস্তার পাশে থাকায় তাদের চলাচলে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছিল। বাথরুমটি সরিয়ে দিলে যাতায়াত সহজ হবে বলেও তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে বীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) শিহাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। ইতোমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

