আগামী সংসদ অধিবেশনে ‘জুলাইযোদ্ধাদের’ সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, “এ বিষয়ক আইন আগামী সংসদ অধিবেশনে পাস হবে।”
এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার জন্য জাতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “এখন থেকে প্রতিমাসে জাতির সামনে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হবে।”
তিনি আরও জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মাথায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হয়েছে। দেশের ৪ কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে, এবং পর্যায়ক্রমে সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদানও শুরু হয়েছে, পাশাপাশি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রী পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
কৃষক কার্ড নিয়ে মন্ত্রী জানান, আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন। এই কার্যক্রম টাঙ্গাইল থেকে শুরু হবে এবং প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক কার্ড দেওয়া হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্যরা এখন থেকে কোনো শুল্কমুক্ত গাড়ি সুবিধা কিংবা প্লট নেবেন না। এ ছাড়া, প্রধানমন্ত্রীকে ঘিরে ভিআইপি প্রটোকলের বহরও বাতিল করা হয়েছে।
পড়ুন: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
আর/


