থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে দারুণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল। সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার মধ্য দিয়ে অন্তত রৌপ্য পদক নিশ্চিত করেছে বাংলাদেশ।
মালয়েশিয়াকে হারিয়ে শেষ চার নিশ্চিত করার পর সেমিফাইনালে ভুটানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামে হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের দল। উত্তেজনাপূর্ণ ম্যাচে ২৩২-২২৮ স্কোরে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
এই জয়ের ফলে এখন স্বর্ণ জয়ের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম। ফাইনালে জয় পেলে স্বর্ণ, আর হারলেও অন্তত রৌপ্য নিয়েই দেশে ফিরবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের কম্পাউন্ড পুরুষ দলের জন্য এটি নতুন কোনো অর্জন নয়। এর আগে ২০২১ সালে চীনে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানেও রৌপ্য জিতেছিলো তারা। সেবার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে স্বর্ণ হাতছাড়া হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
অন্যদিকে, নারী কম্পাউন্ড দলও দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠতে পারেনি। বন্যা আক্তার, ঝুমা আক্তার ও কুলসুম আক্তারের দল থাইল্যান্ডের বিপক্ষে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে হেরে যায়। থাইল্যান্ড ২৩০ স্কোর করে পদকের লড়াইয়ে পৌঁছে গেলেও বাংলাদেশ থামে ২২৯-এ।
রিকার্ভ পুরুষ দলও শুরুতে আলো ছড়ায়। আবদুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহার দল শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়। তবে কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা দেখাতে পারেনি তারা; ৬-০ ব্যবধানে হার নিয়ে বিদায় নিতে হয়। এখন সব নজর বাংলাদেশের কম্পাউন্ড পুরুষ দলের ফাইনালে—সোনা না রুপা, সেটিই দেখার অপেক্ষা।
পড়ুন : ইতিহাস গড়ার পথে সুনীল নারাইন


