রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন।
এ ঘটনায় এর আগে দুইজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উদ্ধার অভিযান সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ১১টার দিকে পানির নিচে ডুবে থাকা বাসটির একটি অংশ দৃশ্যমান হয়। পরে সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেনের সাহায্যে পুরো বাসটি পানির ওপর তোলা হয়। এ সময় বাসের ভেতর থেকে মরদেহের পাশাপাশি স্কুলব্যাগ, জুতা-স্যান্ডেল, ভ্যানিটি ব্যাগসহ বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী ভেসে উঠতে দেখা যায়, যা ঘটনাস্থলে শোকাবহ পরিবেশ সৃষ্টি করে।
এদিকে রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সাংবাদিকদের জানান, রাজবাড়ী জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের আরেকটি কমিটিও গঠন করা হয়েছে, তাদেরও একই সময়সীমার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
পড়ুন: স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আর/


