বিজ্ঞাপন

মাদক ও অপরাধ দমনে মুসল্লিদের সহযোগিতা চাইলেন মোহনগঞ্জের ওসি

নেত্রকোনার মোহনগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক অবক্ষয় রোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে থানা পুলিশ। এর অংশ হিসেবে মোহনগঞ্জ মডেল মসজিদের মুসল্লিদের সাথে মতবিনিময় সভা করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) পবিত্র জুমার নামাজের আগে মডেল মসজিদে উপস্থিত শত শত মুসল্লির উদ্দেশ্যে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

বক্তব্যে ওসি মো. হাফিজুল ইসলাম হারুন সমাজে মহামারি আকার ধারণ করা মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ এবং আত্মহত্যার মতো ভয়াবহ সামাজিক ব্যাধিগুলো নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, শুধু পুলিশের একার পক্ষে সমাজ থেকে এসব অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে দলমত নির্বিশেষে সাধারণ মানুষকেও পুলিশের পাশে দাঁড়াতে হবে এবং সচেতন হতে হবে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার কথা পুনর্ব্যক্ত করে ওসি বলেন, “আমরা মাদকমুক্ত মোহনগঞ্জ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাদক সেবী বা মাদক কারবারি যে-ই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এ সময় তিনি সমাজকে মাদকের বিষবাষ্প থেকে রক্ষা করতে যেকোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীর সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত মুসল্লিদের প্রতি বিনীত অনুরোধ জানান। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

পরে জুমার নামাজ শেষে মসজিদের প্রাঙ্গণে সাধারণ মুসল্লিদের বেশ কিছু সময় দেন ওসি। এসময় তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে মুসল্লিদের বিভিন্ন অভাব-অভিযোগ, এলাকার সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এদিনের মতবিনিময় শেষে মাদক নির্মূলে শুধু থানা বা উপজেলা সদরে সীমাবদ্ধ না থেকে, তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুব শিগগিরই মোহনগঞ্জের প্রতিটি ইউনিয়ন ভিত্তিক ব্যাপক ‘মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম’ পরিচালনার রূপরেখা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ মডেল মসজিদের সম্মানীত ইমাম ও খতীব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি। পুলিশের এমন জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

পড়ুন- সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার

দেখুন- হেলিকপ্টারে নতুন বউ এনে মায়ের স্বপ্নপূরণ করলেন প্রবাসী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন