ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জিংক সমৃদ্ধ ধান বিষয়ে দক্ষতা বৃদ্ধি করতে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই)-এর হারভেস্ট প্লাস প্রোগ্রামের আওতায় ‘রিঅ্যাক্টস-ইন’ প্রকল্পের উদ্যোগে ইএসডিও’র প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, হারভেস্ট প্লাসের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার মো. মজিবর রহমানসহ কৃষি ও গবেষণা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিআরআরআই রংপুর আঞ্চলিক স্টেশনের সিনিয়র সায়েন্টিফিক অফিসার রকেবুল হাসান এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাজেদুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক আলমগীর কবীর, রিএক্টস-ইন প্রজেক্ট, ইএসডিও এর প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম অংশ নেন।
প্রশিক্ষণে ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার মোট ২৫ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন।
প্রশিক্ষণ সেশনে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের ঘাটতির লক্ষণ এবং তা পূরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত এবং সেগুলোর আধুনিক উৎপাদন প্রযুক্তি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
বর্তমানে দেশে আমন মৌসুমে ব্রি ধান-৭২ ও বিনা ধান-২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান-৭৪, ৮৪, ১০০ ও ১০২ জাতের চাষাবাদ ক্রমেই বাড়ছে, যা পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ‘রিঅ্যাক্টস-ইন’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ঠাকুরগাঁও জেলায় এই প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে ইএসডিও।
সংশ্লিষ্টরা জানান, জিংক সমৃদ্ধ খাদ্যশস্যের উৎপাদন ও সম্প্রসারণ বাড়লে পুষ্টিহীনতা দূর করার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
পড়ুন:নাটোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
দেখুন:আকাশচুম্বী হয়ে উঠেছে জ্বালানি তেলের দাম
ইমি/


