জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দীর্ঘদিন ধরে বেদখলে থাকা দুটি হল ছাড়তে দখলকারীদের ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শাখা ছাত্রদলের উদ্যোগে হল উদ্ধারের দাবিতে একটি কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিল নিয়ে রায়সাহেব বাজার হয়ে আরমানিটোলা এলাকায় অবস্থিত আব্দুর রহমান হলের সামনে গিয়ে অবস্থান নেন।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বেদখল থাকা হলগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে দ্রুত উদ্ধার করার দাবি জানান।
পরবর্তীতে টিপু সুলতান রোডে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম হলেও গিয়ে অবস্থান নেন তারা। সেখানে ব্যানার টানিয়ে বসবাসরতদের হল ছেড়ে দিতে ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়।
এ সময় নেতাকর্মীরা হলগুলোর গেটে দেওয়াল লিখনের মাধ্যমে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল’ ও ‘অবৈধ দখলদারদের হল ছাড়তে হবে’—এমন স্লোগান লিখে দেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “এখানে বসবাসরতরা আমাদের কাছে সময় চেয়েছিল। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ১০ দিনের সময় দিয়েছি।”
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হল খালি না করলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি বলেন “এই হল সকল জবিয়ানদের, এতদিন আমাদের এই হলেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এইবার আমরা সকল দখলদারদের উচ্ছেদ করে জবিয়ান ভাই-বোনদের জন্য উপর্যুক্ত আবাসনের ব্যবস্থা করব।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আব্দুর রহমান হল সৈয়দ নজরুল ইসলাম হল দীর্ঘদিন ধরে বেদখলে থাকায় শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

