জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের একটি সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন গণিত বিভাগের ২০তম ব্যাচের ফাহিম ও মাহফুজ। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হঠাৎ করেই ছাদের একটি অংশ ভেঙে তাদের ওপর পড়ে, এতে তারা গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
গণিত বিভাগের এক শিক্ষার্থী বলেন,
“হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে সরাসরি তাদের ওপর পড়ে। এতে ফাহিমের মাথা ও চোখের আশেপাশে এবং মাহফুজের পিঠ ও হাতে আঘাত লাগে। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।”
তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। একাধিকবার সংস্কারের জন্য ক্যাম্পাস বন্ধ রাখা হলেও কার্যকর কোনো টেকসই সংস্কার হয়নি বলে দাবি করেন তিনি।
“সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে, কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না,”—যোগ করেন তিনি।
দুর্ঘটনার পরপরই আহতদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তাদের অবস্থা পর্যবেক্ষণে রয়েছে।
এ বিষয়ে জকসু জিএস আব্দুল আলিম আরিফ বলেন,
“আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে বাসায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা বারবার বলেছি, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ—এসব দ্রুত সংস্কার করা জরুরি।”
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি পরিস্থিতি সরেজমিনে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
পড়ুন:নেত্রকোনায় বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে ধাক্কা, অটোরিকশা চালক পলাতক
দেখুন:এক মাসে ৬৬৪ কোটি টাকা আয়! বস্মিয় সৃষ্টকিারী কে এই যুবক?
ইমি/


