পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশাল আকৃতির একটি বিলুপ্তপ্রায় করাতি হাঙর (খটক মাছ) জব্দ করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। স্থানীয় বাজারে প্রচার-প্রচারণা চালিয়ে উচ্চমূল্যে বিক্রির সময় অভিযান চালিয়ে মাছটি উদ্ধার করা হয়।
বঙ্গোপসাগর সংলগ্ন কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়ে প্রায় ২০ মন ওজনের একটি বিরল প্রজাতির খটক মাছ, যা করাতি হাঙর নামে পরিচিত। মঙ্গলবার ভোরে আমুয়া মৎস্য বন্দরে মাছটি তোলা হলে মঠবাড়িয়ার এক ব্যবসায়ী জেলেদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকায় মাছটি কিনে নেন।
পরদিন বুধবার সকালে মঠবাড়িয়া মাছ বাজারে মাছটি কেটে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি শুরু করা হয়। এর আগে ইঞ্জিনচালিত ভ্যানে করে শহরের বিভিন্ন এলাকায় মাছটি প্রদর্শন ও মাইকিং করা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। মাছটি দেখতে ও কিনতে বাজারে শত শত মানুষের ভিড় জমে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মাছটি জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাছ বিক্রেতা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মাছটির ওপর হারপিক ঢেলে তা মাটি চাপা দেওয়া হয়, যাতে কেউ এটি পুনরায় ব্যবহার করতে না পারে। একই সঙ্গে মাছটির কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বিলুপ্তপ্রায় ও সংরক্ষিত প্রাণী শিকার ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড রোধে অভিযান অব্যাহত থাকবে।


