রসি ফন ডার ডুসেনকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না। সাত মাস বাইরে থাকার পর জাতীয় দলকে বিদায় জানিয়ে দিয়েছেন তিনি। ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার বৃহস্পতিবার (২ এপ্রিল) অবসরের ঘোষণা দেন।
জাতীয় দলের হয়ে না খেললেও ডুসেন ক্লাব ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। ঘরোয়া টুর্নামেন্টে দ্য লায়ন্সের হয়ে খেলেন তিনি। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণায় এই ক্রিকেটার লেখেন, ‘গর্বিত হৃদয় এবং গভীর কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। প্রোটিয়া জার্সি পরা এমন একটি অর্জন, যা অসাধারণ মানের দৃঢ়তা ও নিষ্ঠা দাবি করে। যা আপনাকে পরীক্ষা করে, আবার একই সঙ্গে অবিশ্বাস্যভাবে পুরস্কৃতও করে। আমার দেশের হয়ে খেলতে পারা আমার জীবনের সর্বোচ্চ সম্মান।’
জাতীয় দলে ডুসেনের সাড়ে সাত বছরের ক্যারিয়ার। টি-টোয়েন্টি দিয়ে ২০১৮ সালে জাতীয় দলে অভিষেক হয়। পরের বছর ওয়ানডে ও টেস্ট অভিষেক। টেস্টে ১৮, ওয়ানডেতে ৭১ ও টি-টোয়েন্টিতে ৫৭টি ম্যাচ খেলেছেন তিনি। তিন ফরম্যাটে ৬ সেঞ্চুরিতে করেছেন প্রায় ৫ হাজার রান। জাতীয় দলে এই যাত্রা করতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। ‘এই যাত্রা বহু বছরের ত্যাগের মাধ্যমে গড়ে উঠেছে, কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করার সৌভাগ্য প্রতিটি মুহূর্তকে সার্থক করে তুলেছে।’
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

