বেশি দামে তেল কিনতে গিয়ে সরকারের তহবিল ক্ষয় হচ্ছে, দাম বাড়ানোর কথা ভাবছে সরকার। এমন কথাই বললেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা কোরিয়ান ইপিজেডে ইয়াংওয়ান গ্রুপ ও চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন হুমকির মুখে পড়েছে, যা বাংলাদেশের ওপরও প্রভাব ফেলছে। বিশেষ করে জ্বালানি আমদানির প্রধান উৎস ওই অঞ্চলে যুদ্ধ চলার অর্থ হলো সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়া। তবে সরকার উচ্চমূল্যে বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহ করে সরবরাহ চেইন সচল রেখেছে।
তিনি বলেন, সরকারি তহবিল রক্ষায় এবং জনস্বার্থে জ্বালানির মূল্য নিয়ে সহসা একটি সিদ্ধান্ত আসতে পারে।বৈশ্বিক তেলের সংকট শুধু বাংলাদেশ নয়, আমেরিকাসহ সারা বিশ্বকে প্রভাবিত করছে। দেশের অধিকাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে আসে এবং সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ চালু রেখেছে। সর্বোপরি জ্বালানি নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনও কম্প্রোমাইজের সুযোগ নেই।
মন্ত্রী বলেন, সরকার থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে এতে অংশ নিতে হবে এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা হবে। ব্যাংক ঋণ নির্ভর বিনিয়োগের তুলনায় পুঁজিনির্ভর বিনিয়োগকে উৎসাহিত করা হবে। সবকিছুর সাপ্লাই চেইন অব্যাহত রয়েছে। এটি একটি চ্যালেঞ্জ, যার মোকাবিলায় সকলের সহযোগিতা প্রয়োজন।
এর আগে, অনুষ্ঠানে অংশ নিয়ে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ১৬ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ তুলে দেন মন্ত্রী। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ইয়াংওয়ান গ্রুপে ইন্টার্নশিপ এবং দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে ইয়াংওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সাংসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পড়ুন : পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা


