কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের বড় মাজগ্রামে সাউন্ড বক্স ও মাইকসেট (গান বাজনা) নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী প্রচার মাইকে এমন ঘোষণা দেন বড় মাজগ্রাম জামে মসজিদ কমিটি।
এমনকি কোন ব্যক্তি ভুল করে বা জেনেশুনে সাউন্ড বক্স ও মাইকসেট বাজালে মসজিদ, মাদ্রাসা ও গোরস্থানের সকল কার্যকলাপ থেকে তাঁদেরকে বহিস্কারের হুশিয়ারি দেওয়া হয়। এদিকে মাইকিংয়ে প্রচার করার ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ক্ষুব্ধ গ্রামটির একাংশের মানুষ। সূত্রে জানা গেছে, মসজিদ থেকে প্রায় ২০০ মিটার দুরে জমারত আলী ও রুপা খাতুন দম্পতির বাড়ি। তাঁদের এতিম নাতি ছেলে আলিফের (৭) শখ মেটাতে খৎনা অনুষ্ঠানে তাঁরা ঈদের পরের বৃহস্পতিবার বাড়িতে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ উল্লাস করেছিলেন। এতে মুসল্লিরা অস্বস্তি বোধ করলে সাউন্ড বক্স বাজানো বন্ধ করে দেন। এনিয়ে তর্কাতর্কি ও উত্তেজনার ঘটনা ঘটলে পরদিন শুক্রবার আলোচনা সাপক্ষে গ্রামে মাইক ও সাউন্ড বক্স বাজানো বন্ধের সিদ্ধান্ত নেন।
এ ঘটনার পর গতকাল বৃহস্পতিবার সারাদিন প্রচার মাইকে ঘোষণা দেন বড় মাজগ্রাম জামে মসজিদ কমিটি। রুপা খাতুন বলেন, নাতি ছেলের শখ পুরণ করতে খৎনা অনুষ্ঠানে মাত্র একদিন বক্স বাজানো হয়েছে। তবে নামাজ ও আযানের সময় বন্ধ ছিল। সব সময় সাউন্ডও কম থাকত। তবুও শত্রুতা করে মসজিদ কমিটির কিছু লোক প্রভাব দেখিয়ে গ্রামে ঝৈঝামেলা করতেছে। তাঁর দাবি, বন্ধ হলে সারাদেশেও বন্ধ হোক। শুধু এখানে কেন? মসজিদের ইমাম ও খতীব মাওলানা ওয়ালীউল্লাহ ফরিদী বলেন, গত ২৭ মার্চ শুক্রবার জুম্মা’র নামাজ শেষে মসজিদ কমিটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন যে, বড় মাজগ্রাম মহল্লার অধিনে কোনো বাড়িতে সাউন্ড বক্স ও মাইকসেট বাজানো হলে ঈদগাহ, মসজিদ ও কবরস্থানের সকল কার্যকলাপ থেকে তাঁদেরকে বহিস্কার করা হবে। এক কথায় সামাজিকভাবে তাঁদেরকে বয়কট করা হবে।
’তাঁর ভাষ্য, কোরআনে গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও সম্প্রতি কিছু বিয়ে-সন্নতে খৎনা বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হয়েছে। এতে অসুস্থ মানুষসহ সকলের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় মাজগ্রাম জামে মসজিদের সভাপতি আমির হোসেন বলেন,’সব ধরনের গানবাজনা বন্ধ বিষয়টি ঠিক ওরকম নয়। উচ্চ শব্দে সাউন্ড বক্স ও মাইক বাজানো বন্ধের বিষয়ে সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’ তবে মাইকিংয়ে কি প্রচার হয়েছে তা তিনি জানেন না। নাম প্রকাশ না করা শর্তে গ্রামের একাধিক ব্যক্তি জানায়,দেশের প্রচলিত আইন অনুযায়ী এভাবে গানবাজনা নিষিদ্ধ করার সুযোগ নেই। কেউ সাউন্ড বক্স ও মাইকসেট অতিরিক্ত শব্দে বাজালে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। সচেতন করা যেতে পারে। অথবা প্রশাসন ব্যবস্থা নিতে পারে। তবে এভাবে মাইকিং করে বন্ধ করা ঠিক নয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক(ডিসি) মো. তৌহিদ বিন হাসান বলেন,বিষয়টি খতিয়ে দেখা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পড়ুন : কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু


