দিশা ট্রাস্টের নবগঠিত কমিটির অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষেক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি শফিউল বশর মামুনের সভাপতিত্বে এবং সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক হেফাজুল করিম রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা নুরুল ইসলাম, জেলা বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী, সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম, সিডিএ সদস্য নজরুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শিক্ষাই পারে সমাজ বদলাতে এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে। দিশা ট্রাস্ট শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং মানবিক সমাজ গঠনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


